ফাল্গুন-মাতাল তরুণী তিলাঘুঘু নাচে-গানে
বাগিচায় বুনে চলে স্বপ্নের অন্তহীন দিন;
যুবক ঘুঘুর তপ্ত পরশ বিনা
স্বপ্ন কি ধরা দেয়? রয় কি চির-অন্তরীন?
উদ্দাম যাযাবর ফেরারি পাখিরাও
দিনশেষে কুলায় ফেরে অমোঘ টানে,
ঘরছাড়া এই ভুবনে সুখ নেই কভু
পাখিরা সে কথা নিভৃতে জানে।
পাখির সহজ এই ব্যাকুল সমীকরণ
বুঝলে না কেবল তুমি; রয়ে গেলে দূরে,
আহা! ভাঙা ডেরায় আজ একা কেঁদে মরে
সুখ-একতারা হারানো এক বাউল করুণ সুরে।
