আজি এ নতুন দিনে করি এই প্রার্থনা
শুভ যেন হয় মোদের নব সংবর্ধনা।
সাফল্যের সব দ্বার যায় যেন খুলে,
অতীতের গ্লানি পাপ সবকিছু ভুলে।
পারিজাত ফোটে যেন মোদের ধরায়,
(যেন) মধুকর মধুরব প্রাণেতে ছড়ায়।
বিহঙ্গ যেন গায় প্রাণ ভরে জীবনের জয় গান,
সুমধুর রাগিনী হয় যেন সানাইয়ের তান।
কবির কাব্য যেন হয় অক্ষয় অম্লান,
শিল্পী যেন দিতে পারেন ছবির মাঝে প্রাণ।
মমতার বন্ধন থাকুক সকলের মাঝে,
সবাই লাগি যেন বিশ্ব গড়ার কাজে।
পরাজয় মোরা যেন না করি স্বীকার,
প্রকাশি সত্য সুন্দর বাঁচার অধিকার।
আজি এ নতুন দিনে করি হে শপথ,
ধরণীকে করবো মোরা শান্তির কপোত।
