কোথাও যেন আটকে আছি
আমি কি তবে গাছের মতো
আটকে থাকি মাটির সনে,
অশ্বত্থের সবুজ মায়ায় নিশুতি আলিঙ্গনে
মোহাবিষ্ট মৌন বাঁধনে।
কেউ তবুও বুকের খুব গভীরে
কষ্ট মেখে স্পর্শ হয়
আমার কেন এমন পোড়া অসুখ
জ্বালায় পোড়ায় দহন স্রোতে ভেতর ঘরে ।
সুখের নদীতে মিহি বেদনার শেওলা ভাসে
সুখ বেচে কষ্ট কেনা চড়া দামে
জলজিয়ন্ত শ্যাওলা ঘাসের কোমল প্রেমে।
কোথাও যেন আটকে আছি আটকে থাকি
অন্ধকারেও স্পষ্ট দেখি হলদে দুটো’চোখ
সরষে ফুলের গন্ধ মাখা তীক্ষ্ণ হাসির তোড়ে
ভেতর ঘরে সন্ধে নামে আবছা আলোয়
দূর দিগন্তে নিঝুম দ্বীপে চারণভূমি ছেড়ে ।
আটকে থাকি অবিরত সাগর তীরে নোনাজলে
দীঘল কোন চোখের ভেতর ভাসি ডুবি
আটকে থাকি অন্ধ ডুবুরির খাবি খাওয়া মাস্তুলে।
রাত বিরেত ডুবে যাওয়ার কঠিন ব্যামোয়
আটকে রাখে গভীর কোনো মোহন মায়া
অনিরুদ্ধ অদৃশ্য শ্যামল ছায়া ।
এমনতর সুখের অসুখ দিব্যি হাঁটে
একলা ঘাটে একলা কাটে
আটকে থাকি শেওলা স্রোতে
খড়কুটোর ভীড়ে
ভাসান চরে চোরাবালি বালুচরে।
